কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও জিম্মি ও বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল ও হামাস।
আরও ৩৩ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করেছে ইসরাইল আর অন্যদিকে আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। খবর আল-জাজিরা’র।
ইসরাইলি সেনাবাহিনী বলছে, ৩৩ ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় সোমবার রাতে মুক্তি দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ওই ৩৩ জনকে নিয়ে একটি বাস এরই মধ্যে পশ্চিম তীরে পৌঁছেছে। এতে ইসরাইলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে।
এদিকে ইসরাইল জানিয়েছে, চারদিনের যুদ্ধবিরতির মধ্যে চতুর্থ দিনে ১১ জিম্মিকে মুক্ত করেছে হামাস। এ তথ্য নিশ্চিত করেছে রেডক্রস।
যুদ্ধবিরতির মধ্যস্থতায় মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তরা ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত ৫০ জিম্মিকে মুক্তি দিয়েছে বলেও জানান তারা।
অন্যদিকে চলমান হামাস-ইসরাইলের মধ্যে সমঝোতা আরও দুইদিন বেড়েছে। সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে নিশ্চিত করেছেন। পরে এ বিষয়ে জানিয়েছে হামাসও।
তবে এর আগে ইসরাইল হুমকি দিয়েছিল যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবার গাজায় হামলা শুরু করবে।
ইসরাইলের কারাগারে বন্দি আট হাজারের বেশি ফিলিস্তিনি